ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুকম্পা চাইতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আগামী ৭ দিনের মধ্যে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তলব করবে সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন)।
বুধবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "অনুকম্পা চাইতে আসা ব্যক্তিদের শুনানির সময় এবং নথিপত্রে দুর্নীতির সঙ্গে জড়িত শীর্ষ কয়েকজন সরকারি কর্মকর্তার নাম পাওয়া গেছে। তার ভিত্তিতে এসব কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে কমিশন কার্যালয়ে ডাকা হবে।"
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শীর্ষ সরকারি কর্মকর্তাদের ডেকে এনে শুনানি গ্রহণ করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
ব্রিফিংয়ে কমিশন চেয়ারম্যান জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম এখন কিছুটা শ্লথ। দুদকের কার্যক্রমের গতি আগের অবস্থায় ফিরলে ট্রুথ কমিশনে কিছু মামলা আসবে।
তিনি জানান, এখনো কোনো রাজনীতিবিদ ট্রুথ কমিশনে আসেননি।
চেয়ারম্যান বলেন, "আগামী নির্বাচনের কারণে হয়তো তারা আসছেন না। কিন্তু দুদকের কাজের গতি বাড়লে রাজনীতিবিদদের নিশ্চিন্তে থাকার কোনো কারণ আমি দেখি না।"
রাজউক, কাস্টমস, ঢাকা সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি কেউ ট্রুথ কমিশনে আসেনি। দুদকসহ অন্য প্রতিষ্ঠান থেকেও এসব প্রতিষ্ঠানের কারো দুর্নীতির অভিযোগ পায়নি কমিশন। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান প্রশ্ন রাখেন- "এসব প্রতিষ্ঠানে কি দুর্নীতি হয়নি।"
কমিশনের সদস্য মঞ্জুর রশিদ বলেন, "শুনানিতে যেসব তথ্য পাওয়া গেছে তা ভয়াবহ। বিভিন্ন প্রতিষ্ঠানে কীভাবে জালিয়াতি হয়েছে, কারা এসব ঘটনা ঘটিয়েছে- এসব তথ্য সত্যি বিষ্ময়কর।"
বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "ওয়ান ইলেভেনের আগে কিছু সাধারণ মানুষ দুর্নীতির মাধ্যমে অল্প সময়ে সম্পদশালী হয়েছিল। ওয়ান ইলেভেনের পরে আমরা আশার আলো দেখতে পেয়েছিলাম। দুদক কার্যক্রম শুরু করার পর দুর্নীতির সঙ্গে জড়িত অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেল, কেউ আত্মগোপন করল। এ সময়ই ট্রুথ কমিশনের আগমন।"
এ অবস্থায় ট্রুথ কমিশনের সাফল্যের মূল্যায়ন করতে বললে চেয়ারম্যান বলেন, "আমি মনে করি না যে ট্রুথ কমিশন ব্যর্থ হয়েছে। কমিশন অবশ্যই সাফল্য পাবে।"
চেয়ারম্যান জানান, এ পর্যন্ত কমিশনে ২৬৬টি মামলা এসেছে। ২২ কার্যদিবসে ১২৬টির শুনানি শেষ হয়েছে। কিছু জটিলতা থাকায় ৫টির আংশিক শুনানি হয়েছে।
প্রাথমিক রায়ে ৮৩ জনকে ১৮ কোটি ১০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ কোটি ৭৩ লাখ টাকা জমা পড়েছে। এ পর্যন্ত একজনকে মার্জনা পত্র দিয়েছে কমিশন।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ট্রুথ কমিশনে অনুকম্পার জন্য আবেদন করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯১৬ ঘ.
bdnews24