চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাদ্রাসাছাত্র জুয়েল হত্যার সঙ্গে জড়িত বাকি দুই ছিনতাইকারীও ধরা পড়েছে। শুক্রবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মো. রফিক (২৪) ও কাজী নাজিম উদ্দিনই (২৬) জুয়েলের হত্যাকারী বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
পাঁচলাইশ থানার পুলিশ নগরীর সিএন্ডবি কলোনি মোড় থেকে তাদের গ্রেপ্তার করে।
কোতোয়ালী জোনের সহকারি পুলিশ কমিশনার বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর জামাল খান রোডে মাদ্রাসা ছাত্র জিয়াউল হক জুয়েল হত্যায় জড়িত এই দুই ছিনতাইকারী আসল পরিচয় গোপন করে নিজেদের মহিম ও রনি নামে পুলিশকে পরিচয় দেয়।
তিনি জানান, শনিবার রাতে জিজ্ঞাসাবাদে তাদের আসল পরিচয় প্রকাশ প্রায়। খুনের মামলা থেকে গা বাঁচাতে ছদ্মনাম ব্যবহার করেছিল বলে তারা জানায়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হাটহাজারীতে রফিকের এক বন্ধুর বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক (এলজি) ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
বাবুল আখতার জানান, এ দু'জনকে ছিনতাই মামলার পাশাপাশি জুয়েল হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হবে এবং নতুন একটি অস্ত্র মামলা দায়ের করা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডেরও আবেদন জানানো হবে।
বায়েজিদ থানা পুলিশের সহায়তায় পাঁচলাইশ থানার একটি দল শুক্রবার রাত এগারটার দিকে রুবি গেইটসংলগ্ন সিএন্ডবি কলোনি মোড়ের একটি দোকান থেকে নোবেল নামে আরও এক ছিনতাইকারীসহ রফিক ও নাজিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশে তৈরি এলজি, দুটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়।
গত ৫ এপ্রিল রাতে নগরীর জামাল খান এলাকায় তিন ছিনতাইকারী জিয়াউল হক জুয়েল (১৮) নামের মাদ্রাসা ছাত্রটিকে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘণ্টাখানেকের মধ্যে জুয়েল মারা যায়। তিন ছিনতাইকারীর মধ্যে পুলিশ সুমনকে ১৮ এপ্রিল গ্রেপ্তার করেছিল। সুমন আদালতে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে সেসহ রফিক ও নাজিম জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/২০৩৬ ঘ.
bdnews24