২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় মির্জা আজমের জামিন

জরুরি বিধিমালা লঙ্ঘনের মামলায় যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজমকে রোববার জামিন দিয়েছে হাইকোর্ট। অন্য কোনও মামলা না থাকলে তাকে মুক্তি দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা লঙ্ঘনের মামলায় যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজমকে রোববার জামিন দিয়েছে হাইকোর্ট। অন্য কোনও মামলা না থাকলে তাকে মুক্তি দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ মির্জা আজমকে জামিন দেন। আদালতের আদেশের পর যুবলীগ নেতার কৌঁসুলি মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত মির্জা আজমকে জামিন দিয়েছেন। আর অন্য একটি মামলায়ও জামিন থাকায় তার কারামুক্তিতে আর কোনও বাধা নেই।" অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় গত ১৬ সেপ্টেম্বর মির্জা আজম হাইকোর্ট থেকে জামিন পান। এর দুই দিন পর কারাগার থেকে বের হওয়ার পরপরই পুনরায় গ্রেপ্তার হন তিনি। ওই দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মির্জা আজমের বিরুদ্ধে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করে পুলিশ। রোববার হাইকোর্টে শুনানিতে অ্যাডভোকেট মোতাহার হোসেন বলেন, "মির্জা আজমের বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইন ভঙ্গের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে জেল গেট থেকে গ্রেপ্তার করা হলেও পুলিশ মিথ্যা অভিযোগ এনে বলেছে জিপিও-র সামনে তিনি সমর্থকদের নিয়ে মিছিল ও বক্তৃতা করে জরুরি আইন ভঙ্গ করেছেন।" জামিনের বিরোধিতা করে ডেপুটি এটর্নি জেনারেল মোহম্মদ আলী আকন্দ আদালতে বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধি অনুযায়ী মির্জা আজম জামিন পেতে পারেন না।" এর জবাবে মোতাহার হোসেন বলেন, "অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করা হলে জামিন পেতে কোনও বাধা নেই। এ বিষয়ে মইজুদ্দিন শিকদার মামলায় সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।" শুনানি শেষে হাইকোর্ট মির্জা আজমকে জামিন দেন। দুর্নীতির মামলায় গত ১৬ জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মির্জা আজমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৪৪৪ ঘ.