ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব সদস্যরা রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন ওরফে ব্যাংকক সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে।
সুমন রাজধানীর তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম কচির ঘনিষ্ঠ সহযোগী বলে র্যাব দাবি করেছে।
র্যাব সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১ এর একটি দল গত শনিবার গভীর রাতে মহাখালীর সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টারের পাশে 'পাটাতন বস্তিতে' অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি উন্নতমানের বিদেশি খেলনা পিস্তল এবং ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সুমন দীর্ঘদিন থেকে রাজধানীর মহাখালী ও গুলশান এলাকায় ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করতো এবং গুলশান, বনানী, নিকেতন ও মহাখালী এলাকা থেকে চাঁদা আদায় করে শীর্ষ সন্ত্রাসী কচির কাছে পাঠাতো বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩৫৮ঘ.
bdnews24