ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন কর্মকর্তা। একজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দু'জন বিশেষ সহকারী রোববার এমন অভিমত দিয়েছেন।
রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার পক্ষে মত দেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশিদা কে চৌধুরী সাংবাদিকদের বলেন, '' রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার তা করবে বলে আমি মনে করি।''
এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা নিয়োগ পাওয়ার পর রোববার সকালে প্রথমবারের মতো নিজেদের দপ্তরে গেলে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক সাংবাদিকদের বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা তুলে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা ভাবছে। সবার সঙ্গে আলোচনা করে সময়মতো এটা তুলে নেওয়া হবে।"
নির্বাচন অনুষ্ঠানে সরকারের পরিকল্পনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এম এ মালেক বলেন, "নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রয়েছে। তারা এ জন্য কাজ করে যাচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সরকারও এ জন্য কাজ করছে। আমার মন্ত্রণালয়ের কিছু করার থাকলে তা করা হবে।"
ঘোষিত রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, "তবে সম্ভব হলে আগেও নির্বাচন দেওয়া যেতে পারে। এজন্য রাজনীতিকরা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার, সরকার তার সবই করবে।"
তার অধীনে বিভিন্ন সেবা সংস্থার সেবার মান বৃদ্ধি করাই মূল লক্ষ্য হবে বলে জানান এম এ মালেক।
তিনি বলেন, দেশে বর্তমানে অনেক মোবাইল ফোন কোম্পানি রয়েছে। এসবের সঙ্গে প্রতিযোগিতা করেই সরকারি মোবাইল ফোন কোম্পানি, বিটিটিবি ও ডাক বিভাগকে টিকে থাকতে হবে। ক্রেতাদের সন্তুষ্ট করতে না পারলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এসব সংস্থার ভেতরে যে অনিয়ম ও দুর্নীতি রয়েছে, তাও দূর করতে হবে।"
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, "আমরা অবশ্যই চাইব নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়া হোক। যথা শিগগির সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে বলে প্রধান উপদেষ্টাও তার বক্তব্যে উল্লেখ করেছেন।"
নিজের দায়িত্ব সম্পর্কে বিশেষ সহকারী জানান, তিনি পার্বত্য চট্টগ্রাম এলাকার উন্নয়ন সংক্রান্ত কাজকেই প্রাধান্য দেবেন। এজন্য কিছু জনমত সৃষ্টি করতে হবে। 'সৃষ্ট জনমতের ভিত্তিতে' সব কিছু এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম এলাকায় অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম জটিল হচ্ছে ভূমি সমস্যা। আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করতে হবে। এছাড়া, পার্বত্য এলাকার মানুষের জন্য খাদ্য নিরাপত্তা সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দেওয়া হবে।"
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, "শান্তি চুক্তির অনেকটাই এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে শিগগিরই বসা হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে যাবে।"
দেবাশীষ রায় বলেন, "বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৯৪৯ঘ.
bdnews24