২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুন্ডের ঘটনায় নিহত তমালের দাহ সম্পন্ন

সীতাকুণ্ডে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের ছবি তোলাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় নিহত তমাল দাশের লাশ রোববার সকালে তার গ্রামের বাড়ি বাড়ৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গায় দাহ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 07:16 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের ছবি তোলাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় নিহত তমাল দাশের লাশ রোববার সকালে তার গ্রামের বাড়ি বাড়ৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গায় দাহ করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শনিবার রাতেই তমালের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়। নিহতের বাবা মন্টু দাশের ইচ্ছায় বিনা ময়নাতদন্তেই লাশ তার হাতে তুলে দেওয়া হয় ওসি সালাম জানান। নাম প্রকাশে অনিচ্ছুক মহালঙ্গার এক জন ইউপি সদস্য জানান, তমালের লাশ শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আনা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। রোববার সকাল ৯টার দিকে লাশটি মহালঙ্গায় পারিবারিকভাবে দাহ করা হয়। সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম হাক্কানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহালঙ্গা স্কুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় গণপিটুনিতে তমাল দাশ (২৮) নিহত হওয়ার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অন্যদিকে সেনা সদস্য বাছিরকে ছুরি মারার ঘটনায় রমজান খোকন নামে এক যুবককে আসামি করে একটি নিয়মিত মামলা হয়েছে।" ওই ঘটনায় মহালঙ্গা গ্রামের তিন ব্যক্তিকে শনিবার রাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে গোলাম হাক্কানী জানান। তবে খোকনের বাবা বাবা সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল আবছার আলীকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে ওসি সালাম জানান। তিনি বলেন, "খোকনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।" বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহালঙ্গা নিবন্ধন কেন্দ্রে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার প্রথম পর্যায়ের কাজের শেষ দিন ছিল শনিবার। এরপরও কারো ছবি তোলা বাকি থাকলে আগামী ৬ থেকে ৯ অক্টোবর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ছবি তোলা হবে। শনিবার দুপুরে সাবেক পুলিশ কর্মকর্তা নূরুল আবছার আলী ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলতে মহালঙ্গা স্কুলে আসেন। তিনি লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভেতরে ঢুকে ছবি তুলতে চাইলে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নুরুল আবছারের ছেলে রমজান আলীসহ চার যুবক কর্তব্যরত সেনা সদস্য বাছিরকে ছুরি মারে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান ওই সময় স্থানীয় লোকজন ওই যুবকদের ধাওয়া করে গণপিটুনি দিলে তমাল গুরুতর আহত হয় । বিকালে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩১৩ ঘ.