২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেডে শ্রমিক নিখোঁজ, খুনের গুঞ্জনে ভাঙচুর

সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পোশাক কারখানা ফেদার লাইট লিমিটেডে বৃহস্পতিবার এক সহকর্মী খুন হওয়ার গুঞ্জনে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পোশাক কারখানা ফেদার লাইট লিমিটেডে বৃহস্পতিবার এক সহকর্মী খুন হওয়ার গুঞ্জনে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। কারখানার শ্রমিক মমিন, কামাল ও শাহিন জানান, বেলা ১১টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে সহকর্মী হেলালের সঙ্গে কারখানার কর্মকর্তা সুজনের তর্ক হয়। পরে বিকাল ৫টার দিকে সহকর্মীরা হেলালকে খুঁজে না পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কবীর হোসেনের কাছে তার খোঁজ নেন। কবীর হোসেন জানান, হেলালকে তিনি সুজনের সঙ্গে দেখেছেন। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকরা হেলালকে খুঁজে না পাওয়ায় তাকে খুন করা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের কেউ কেউ কারখানার বাথরুমে হেলালের লাশ দেখেছে এবং কর্তৃপক্ষ লাশটি গুম করে ফেলেছে এমন গুঞ্জনে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাত ১০টার পরও কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। ফেদার লাইট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, "হেলালকে খুনের বিষয়টি সঠিক নয়। তবে হেলাল বা সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।" এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, "খুনের বিষয়টি গুজব ছাড়া আর কিছু না। হেলাল ও সুজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।" বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক শামসুল হক বলেন, "একজন শ্রমিক খুন হয়েছে এমন একটি খবর আমি শুনেছি। তবে খবরটি সঠিক বলে মনে হচ্ছে না। আমি এখন বাইরে। এর বেশি কিছু বলতে পারছি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪৫ ঘ.