ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আধুনিক তথ্য ব্যবস্থাপনা চালু করছে পুলিশ। নতুন এই ব্যক্তি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা পারসোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (পিআইএমএস) ব্যবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত ৫৩ টি তথ্য অনলাইন ডাটাবেজে থাকবে। যেকোন পুলিশ সদস্য সম্পর্কিত তথ্য পুলিশ কর্মকর্তারা দেশের যেকোনও জায়গা থেকে অনলাইনে পাবেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ রোববার এই ব্যবস্থাপনার সাতদিন ব্যাপী এক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ টেলিকম অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার (গোয়েন্দা বিভাগ) আব্দুল জলিল, যুগ্ম কমিশনার (ট্রাফিক) জসীমউদদীন, সিস্টেম এনালিস্ট শারমিন আফরোজা, উপকমিশনার আহসান হাবিব পলাশ প্রমুখ।
কমিশনার নাঈম আহমেদ বলেন, "১৮৬১ সালের পুলিশ এ্যাক্ট অনুযায়ী পুলিশের আচরণ ছিল শাসকের মতো (রুলিং এটিচ্যুড)। আর পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশ বাহিনীকে আমরা সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে যাচ্ছি। আগে পুলিশের চাকরি তথ্য (সার্ভিস রেকর্ড) ম্যানুয়ালি ফাইলে সংরক্ষণ করা হতো। এখন ডিজিটালি তা করা হবে।"
তিনি বলেন, "পুলিশ সদস্যদের তথ্যের ধীরগতির কারণে মামলার গতিও কমে যায়। ধরা যাক একজন পুলিশ কর্মকর্তা একটি মামলা পরিচালনা করার সময় অন্য জায়গায় বদলী হয়ে গেলেন। এখন ওই মামলার কার্যক্রমে যখন আদালতে তাকে তলব করা হবে তখন ফাইল ঘেটে বের করতে হয় সে কোথায় বদলী হয়েছে। এরপর সেই থানায় চিঠি দিয়ে তাকে হাজিরা দেওয়ার কথা জানাতে হবে। এ কাজে অনেক সময় লেগে যায়। এখন এই আধুনিক তথ্য ব্যবস্থাপনায় অনেক দ্রুত সব তথ্য পাওয়া যাবে। ফলে পুলিশের নিয়োগ-বদলী ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। কে, কোথায় আছে- কি যোগ্যতা এসব তথ্য মুহূর্তের মধ্যে পাওয়া যাবে। ওই ডাটাবেজে পুলিশ সদস্যের নাম, আইডি নম্বর, প্রশিক্ষণ, শাস্তি, পুরষ্কারসহ ৫৩টি তথ্য থাকবে।"
তিনি আরো বলেন, "ডিএমপি এই ডাটাবেজ তৈরির দায়িত্বে থাকলেও এটা পুরো পুলিশ বাহিনীর তথ্য সংরক্ষণ করবে। এখান থেকে এই প্রযুক্তির সফটওয়্যার সম্পর্কে প্রশিক্ষিত হয়ে কর্মকর্তারা নিজ নিজ থানায় গিয়ে অন্যান্যদের তথ্য এই সফটওয়্যারে সংযোজন করে পেনড্রাইভ বা অনলাইনে আমাদের কাছে পাঠাবেন। তারপর এখানকার কর্মকর্তারা সেটা ডাটাবেজে যুক্ত করবেন।"
যুগ্ম কমিশনার আব্দুল জলিল বলেন, "পুলিশের কর্মকাণ্ড তথ্য প্রযুক্তির আওতায় আনা সম্ভব হলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।"
তিনি আরো জানান, এই ডাটাবেজের নিরাপত্তা ব্যবস্থা খুব ভাল। কেউ এতে হ্যাকিং করতে পারবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএ/১৬১০ঘ.
bdnews24