গাজীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলেও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে এক সংবর্ধনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় ক্ষেত্রে মুক্ত পরিবেশের ওপর জোর দিয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "জনগণ চাইবে মুক্ত আলোচনার পরিবেশ ফিরে আসুক। আলোচনা অর্থপূর্ণ হউক। এ জন্য মুক্ত পরিবেশ অপরিহার্য।"
জরুরি আইন থাকার পরও কোন কোন দলের নেতাদের সমাবেশ কিংবা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সম্পর্কে ড. কামাল বলেন, "দ্বৈতনীতি মোটেই কাম্য নয়। আইনের শাসনের অর্থ হলো সবার জন্য একই আইন।"
তিনি বলেন, "আগে গণতন্ত্র ছিল কিন্তু আইনের শাসন ছিল না। বর্তমানে আমরা একটি প্রক্রিয়ায় আছি। যে প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা। এ প্রক্রিয়া সফল করতে সবার অংশগ্রহণ জরুরি।"
পরে ড. কামাল হোসেন 'ফর্মূলা ওয়ান' বইয়ের লেখক অবসরপ্রাপ্ত মেজর আমীন আহমেদ আফসারীর নাগরিক সংবর্ধনায় যোগ দেন।
কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে ওই সংবর্ধনা সভার আয়োজক স্থানীয় প্রেসক্লাব। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহেদা ওবায়েদ, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আ. লতিফ, ড. রশিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত গ্র"প ক্যাপ্টেন আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/০০২৯ ঘ.
bdnews24