ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উচ্চ আদালতে দুর্নীতির মামলা পরিচালনার সুবিধার জন্য এবং অ্যটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে সমন্বয় সহজ করতে সুপ্রিম কোর্টে একটি সেল খুলেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশন সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে এই সেল খোলা হলেও পুরো গতিতে এখনও কাজ শুরু হয়নি।
কমিশনের কর্মকর্তারা জানান, এই সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট কে এম হাফিজুর রহমান। কমিশনের উপ পরিচালক নূরুল আকবরও এতে কাজ করবেন। দপ্তরের দায়িত্বে থাকবেন সহকারী পরিদর্শক জাফর আহমেদ। এছাড়া থাকবেন সহকারী পরিদর্শক শফিকুর রহমান ও কনস্টেবল শেখ স্বপন।
হাইকোর্টে ও আপিল বিভাগে বিচারাধীন বিভিন্ন মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সমন্বয় করাই হবে এই সেলের কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/২৩১৮ ঘ.
bdnews24