২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

নগরীর খালগুলো সংস্কারের ফলে জলাবদ্ধতা কমলেও টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামবাসী। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ বৃষ্টি বৃহস্পতিবার সকালের দিকে আরও তীব্র হয়। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর খালগুলো সংস্কারের ফলে জলাবদ্ধতা কমলেও টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামবাসী। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ বৃষ্টি বৃহস্পতিবার সকালের দিকে আরও তীব্র হয়। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দিনের শুরুতেই প্রবল বৃষ্টিতে বেকায়দায় পড়েন অফিসগামী লোকজন। রাস্তাঘাটে যানবাহন সঙ্কটের কারণে অনেককে ভিজে কর্মস্থলে যেতে দেখা যায়। পতেঙ্গা আবহওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসনাত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরের কোথাও কোথাও ঝড়ো হাওয়া বইছে। উপকূলীয় অঞ্চল, দ্বীপ ও চরের কাছাকাছি স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের সম্ভাবনা রয়েছে। সব মাছ ধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছে থেকে সর্তকর্তার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।" পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরী ও আশেপাশের এলাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ভারপ্রাপ্ত সিটি মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১১ জুনের পর থেকে নগরীতে খালগুলো সংস্কার শুরু হওয়ায় নগরবাসী সুফল পেতে শুরু করেছে। প্রধান সড়কের পাশের নালা নর্দমাগুলোও প্রতিদিন পরিষ্কার রাখা হচ্ছে। এ কারণে এখন এক ঘণ্টার বৃষ্টিতেই জনজীবন থমকে যাচ্ছে না।" অবশ্য জোয়ারের পানির সঙ্গে একটানা বৃষ্টি যোগ হওয়ায় আগ্রাবাদ সিডিএ এবং হালিশহর এলাকার কিছু অংশে বৃহস্পতিবার পানি উঠেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/২০৫৫ ঘ.