ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রিমান্ড শেষ হওয়ার আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে মহানগর হাকিম মো. সালেহউদ্দিনের আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
কোকোর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক জহুরুল হুদা এর আগে সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আরাফাত রহমান কোকো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
সরকারের একটি নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, কোকো পুরোপুরি সুস্থ আছেন তা জনগণকে জানাতেই সাতদিনের রিমান্ড শেষ হওয়ার আগে তাকে আদালতে হাজির করা হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় কোকো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন জোর গুজব মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। বুধবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন মিডিয়া হাউজে ফোন করে অনেকেই এ খবরের সত্যতা জানতে চান। কিন্তু সরকারের পক্ষ থেকে বুধবার রাত পর্যন্ত কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।
খালেদা ও কোকোর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা জহুরুল হুদা বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "কোকো ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। কোকোর অসুস্থ হওয়ার খবরটি নিছক গুজব।"
কোকোকে জনসমক্ষে সুস্থ দেখানোর জন্য নির্ধারিত সাতদিনের রিমান্ড শেষ হওয়ার আগেই আজ কালের মধ্যে হাজির করানো হবে কিনা তা জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে বলেন, "প্রয়োজনে যে কোন সময় তাকে আদালতে হাজির করা হতে পারে।"
তিনি আরো বলেন, "কোকো যদি কোন তথ্য দিয়ে থাকেন তা যাচাই বাছাই করতে যদি আমাকে ঢাকার বাইরে যেতে তাহলে তো আমি তাকে বাইরে রেখে যেতে পারি না। এক্ষেত্রে তাকে আদালতে হাজির করিয়ে কারাগারে পাঠাতেই হবে।"
রোববার রাতে তেজগাঁও থানায় খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। সোমবার সকালে কোকোকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/পিবি/এসএনডি/এমএ/১৪০০ ঘ.
bdnews24