ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খন্দকার দেলোয়ার হোসেনকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। তাকে সহযোগিতা করবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের হওয়ার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাংবাদিকদের এ কথা জানান। সোমবার সকালে গ্রেপ্তারের আগে রোববারই বিএনপি চেয়ারপার্সন মান্নান ভূঁইয়া, আশরাফ হোসেন ও খন্দকার দেলোয়ার হোসেনকে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি লেখেন। খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলীয় প্যাডে লেখা খালেদা জিয়ার স্বাক্ষরিত এ চিঠি (অব.) ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ তার বাসভবনে সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। এর আগেই আদালত প্রাঙ্গনে খালেদা জিয়া জানিয়ে দেন মান্নান ভূঁইয়াকে বহিস্কারের খবর।
মান্নান ভূঁইয়াকে লেখা চিঠিতে খালেদা জিয়া উল্লেখ করেছেন, মান্নান ভূঁইয়া জরুরি অবস্থার মধ্যে রাজনীতি এমনকি ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও 'তথাকথিত' সংস্কারবাদীদের নিয়ে সভাসমাবেশ করা এবং এসব সংস্কার সম্পর্কে বিভিন্ন মতামত ও অন্যান্য দলীয় স্বার্থ বিরোধী মতামত প্রকশ করাসহ পার্টির অভ্যন্তরীণ কিছু কথা কাউন্সিল, স্ট্যান্ডিং কমিটি বা চেয়ারপার্সনের অনুমোদন ছাড়াই গণমাধ্যমে প্রকাশ করেছেন। তারএ সমস্ত কাজ দলকে বিভক্ত করার ষড়যন্ত্র এবং দলীয় শৃঙ্খলা, আদর্শ, গঠনতন্ত্র, স্বার্থ ও রীতিনীতির পরিপন্থী হওয়ায় তাকে মহাসচিবের পদ থেকে বহিষ্কার এবং সদস্যপদ বাতিলক্রমে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা, অখণ্ডতা ও স্বার্থ রক্ষার স্বার্থে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) এবং ৮(খ)(২) ধারা অনুযায়ী তিনি এসব পদক্ষেপ নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন।
জরুরি অবস্থা জারির পর থেকেই মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনরা 'সংস্কারে'র পক্ষে সরব হয়ে উঠলে খালেদা জিয়ার সঙ্গে তাদের দূরত্ব বাড়ছিল। ওই সময় 'সংস্কারপন্থীদের' বিরোধিতায় খালেদা জিয়ার পক্ষে সক্রিয় হন চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ।
গত ১ আগস্ট চাঁদপুরের ছাত্রদল নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে খালেদা জিয়া অভিযোগ করেন, মান্নান ভূঁইয়া দল ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত।
ওই সময় খালেদা বলেন, "মান্নান ভূঁইয়া ধর্মই বিশ্বাস করেন না, বিএনপির আদর্শের সঙ্গেও তার জীবনাচরণ মেলে না। তিনি একটি মহলের প্ররোচনায় দল ভাঙার চক্রান্তে লিপ্ত হয়েছেন।"
একই অভিযোগ তিনি দেশে ও বিদেশে বেশ কয়েকটি টেলিকনফারেন্সে তুলে ধরেন।
কয়েকদিন পর ৫ আগস্ট নওগাঁয় টেলিকনফারেন্সে মান্নান ভূঁইয়াকে বহিষ্কারে দলীয় নেতা-কর্মীদের দাবির প্রেক্ষাপটে খালেদা জিয়া জানান, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, "আপনারা বিভ্রান্ত হবেন না। ঐক্যবদ্ধ থাকুন ও ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে নির্দেশ দেবো।"
তবে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মান্নান ভূঁইয়া ও হান্নান শাহ একসঙ্গেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন। ওই সময় পরস্পর শুভেচ্ছাও জানান তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএইচ/০৯৫৮
bdnews24