চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের বড় দারোগার হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে বাসের চাপায় নিপুল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে হৃদয় (৩) নামে অপর এক শিশু।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আবুল হাসনাত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস নিপুল ও হৃদয়কে চাপা দেয়। এতে নিপুল ঘটনাস্থলেই মারা যায়।
বাসটি শিশু দুটিকে চাপা দিয়েই পালিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আহত হৃদয়কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই শিশুর বাড়ি ফরহাদগঞ্জে। তারা প্রতিবেশী বলে পুলিশ জানায়।
কয়েক দিন আগে বড় দারোগার হাটের এক কিলোমিটার দূরে একটি ট্রাকের ধাক্কায় ৫ স্কুল ছাত্রসহ সাতজন নিহত হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১২৫৭ ঘ.
bdnews24