চট্টগ্রাম, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব সৈয়দনগরে ডাকাতদের হামলায় রোববার গভীর রাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
সশস্ত্র ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন বাড়ির সদস্যরা। হামলায় আহত হলেন গৃহকর্তা বাছা মিয়া সওদাগর (৭০), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০) ও ছেলে মোহাম্মদ তসলিম (২৫)।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব সৈয়দ নগরে বাছা মিয়া সওদাগরের বাড়িতে রোববার রাত দুইটার দিকে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের গুলিতে বাছা মিয়া আহত হন। অন্য দু'জনকে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।
এরপর ডাকাতরা স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইলসেট সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির সদস্যরা হাসপাতাল থেকে ফিরলে মামলা দায়ের করা হবে। ডাকাতদের ধরতে অভিযান চলছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এসএনডি/১৫৫৩ ঘ.
bdnews24