২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭৫ বিজ্ঞাপনী সংস্থার বকেয়া এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ

চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপন করে ব্যবসা করলেও সিটি কর্পোরেশনের নির্ধারিত রাজস্ব দিচ্ছে না। এ ধরনের ৭৫টি প্রতিষ্ঠানের কাছে কর্পোরেশনের বকেয়া এখন প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপন করে ব্যবসা করলেও সিটি কর্পোরেশনের নির্ধারিত রাজস্ব দিচ্ছে না। এ ধরনের ৭৫টি প্রতিষ্ঠানের কাছে কর্পোরেশনের বকেয়া এখন প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা। রোববার সকালে চট্টগ্রামের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মালিকদের আগামী সাত দিনের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন। সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে কয়েকটি প্রতিষ্ঠান সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপনের রাজস্ব না দেওয়ায় বকেয়ার পরিমাণ তিন কোটি ৪৭ লাখ টাকায় পৌঁছায়। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় এক কোটি ৮৩ লাখ টাকা আদায় হয়েছে। সর্বশেষ রোববার সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে এসব সংস্থার মালিকদের সঙ্গে আলোচনায় বসেন ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। সভায় তাৎক্ষণিকভাবে চারটি প্রতিষ্ঠান ২৪ লাখ ৭২ হাজার টাকা বকেয়া পরিশোধ করে। এতে বর্তমানে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ২৮ হাজার টাকা। সিটি কর্পোরেশন সচিব সচিব একেএম খায়রুল আলম জানান, মোট মোট ৭৫টি প্রতিষ্ঠানের কাছে এখন রাজস্ব পাওনা রয়েছে। এগুলোর মধ্যে শুধু নেপচুন অ্যাডের কাছেই পাওনার পরিমাণ ৬৯ লাখ ২৭ হাজার টাকা। সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মোট ১৭৬ টি বিজ্ঞাপণী প্রতিষ্ঠান আছে বলে তিনি জানান। সভায় ভারপ্রাপ্ত সিটি মেয়র এম মনজুর আলম আগামী সাত দিনের মধ্যে সব বকেয়া রাজস্ব পরিশোধের নির্দেশ দেন। এটি না হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৈঠক সূত্র জানায়, নেপচুন অ্যাড ছাড়াও বিপুল রাজস্ব বকেয়া আছে আনিস নিয়ন সাইন (সাত লাখ ৭১ হাজার), অ্যাড ভ্যালি (প্রায় আট লাখ), সাইনি আর্ট (পাঁচ লাখ ১৮ হাজার), সুপা সাইন (তিন লাখ ৬৫ হাজার), সাইন এন্ড সাইট (প্রায় চার লাখ), ক্ল্যাসিক অ্যাড (দু'লাখ ৯১ হাজার), অ্যাড ক্যাম্প (দু'লাখ ৩ হাজার), স্কাই আর্ট (দু'লাখ ৩৩ হাজার), সেভেন স্টার (দু'লাখ ২৬ হাজার), প্রগ্রেসিভ অ্যাড (এক লাখ ৯৬ হাজার), চট্টলা অ্যাড (এক লাখ ৬০ হাজার), বিগ পুল (এক লাখ ৪৮ হাজার), বাংলাদেশ নিয়ন সাইন (এক লাখ ২৫ হাজার) ও ফেয়ার অ্যাডের (এক লাখ ৬ হাজার) কাছে। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে এক লাখ টাকার নিচে রাজস্ব পায় সিটি কর্পোরেশন। এ সভায় বিজ্ঞাপণী সংস্থাগুলোর পক্ষ থেকে চিটাগাং এডভেটাইজিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান গত ফেব্র"য়ারি থেকে জুন পর্যন্ত রাজস্ব মওকুফের আহ্বান জানান। তারা দাবি করেন, ওই পাঁচ মাস নগরীতে বিলবোর্ড উচ্ছেদের ফলে ব্যাপক ক্ষতি হওয়ায় তাদের পক্ষে এত রাজস্ব দেওয়া সম্ভব নয়। এদিকে, সভায় পনের লাখ টাকা বকেয়া রাজস্ব পরিশোধ করায় নগরীর জিইসি, নিউমার্কেট ও আগ্রাবাদ বারিক বির্ল্ডিং মোড়ে স্থাপিত তিনটি এলইডি স্ক্রিনের বিদ্যুৎ সংযোগ আবার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব বকেয়া থাকায় গত সপ্তাহ থেকে এগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। কর্পোরেশনের সচিব এ কে এম খায়রুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি অর্থবছর থেকে এ তিনটি এলইডি স্ক্রিনের রাজস্বের হার বাড়ানো হয়েছে। স্ক্রিন পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাড ভ্যালিকে এ অর্থবছর থেকে প্রথম বছরে প্রতি স্ক্রিনে পাঁচ লাখ, দ্বিতীয় বছরে ছয় লাখ, তৃতীয় বছরে সাত লাখ, চতুর্থ বছরে সাড়ে সাত লাখ ও পঞ্চম বছরে আট লাখ টাকা করে রাজস্ব দিতে হবে। অ্যাড ভ্যালি পাঁচ বছর মেয়াদে নতুন হারে রাজস্ব দিতে রাজি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০১১ ঘ.