ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল আবেদনের শুনানি সুপ্রিমকোর্টে অব্যাহত রয়েছে। বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদসদ্যের বেঞ্চে শুনানির পরবর্তী দিন আগামী রোববার ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার পক্ষে অ্যাডভোকেট নূরুল ইসলাম ভুঁইঞা এ মামলার পেপারবুক পড়ে শোনান। সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মামলার শুনানি চলে।
শুনানি শেষে অ্যাডভোকেট নূরুল ইসলাম ভুঁইঞা সাংবাদিকদের বলেন, "অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত কর্নেল শাহরিয়ার রশিদ খানের বিরুদ্ধে বিচারপতি রুহুল আমিনের দেওয়া রায় ও সাক্ষীদের বক্তব্য আদালতকে পড়ে শোনানো হয়েছে। এখন লে. কর্নেল রশিদের বিরুদ্ধে দেওয়া রায় ও সাক্ষ্য পড়ে শোনানো হচ্ছে। রোববারও পেপারবুক পড়া চলবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৭৫০ ঘ.
bdnews24