২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিদ্যুৎ সচিবসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা

সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেনসহ বিদ্যুৎ মন্ত্রণালয় ও ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১০ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 05:47 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেনসহ বিদ্যুৎ মন্ত্রণালয় ও ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১০ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সন্ধ্যায় কমিশনের সহকারী পরিচালক মাহবুবল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে নিয়ম ভেঙে ডেসকোর ৬১ হাজার শেয়ার গ্রহণ ও বণ্টনের অভিযোগ আনা হয়েছে। আখতার হোসেন ছাড়া মামলার অন্য অভিযুক্তরা হলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস এম মেজবাউল ইসলাম, সাবেক উপসচিব নাজমা বেগম, সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ মাসুদ, সিনিয়র সহকারী সচিব (বর্তমানে উপসচিব) লায়লা জেসমিন, উপসচিব ইসমত আরা জাহান, ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ, কোম্পানি সেক্রেটারি এ এইচ এম নূরুল হুদা, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব (বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সহকারী সচিব) আলী হোসেন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কৃষ্ণ তালুকদার। মামলার এজাহারে বলা হয়, আইন অনুযায়ী ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ লাখ ১৭ হাজার ৭৯৮টি শেয়ার সংরক্ষিত ছিল। কিন্তু অভিযুক্তরা ২০০৬ সালে পরস্পর যোগসাজশে ওই শেয়ারের বাইরে আরো ৬১ হাজার শেয়ার নিজেরা নিয়েছেন এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকমর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.