২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বাদ দিয়ে কাউন্সিল বা নির্বাচন নয়: হান্নান শাহ

দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়াকে অভিযুক্ত করায় কথিত সংস্কারপন্থি নেতাদের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ বলেছেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো কাউন্সিল বা নির্বাচন হতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়াকে অভিযুক্ত করায় কথিত সংস্কারপন্থি নেতাদের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ বলেছেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো কাউন্সিল বা নির্বাচন হতে দেওয়া হবে না। শুক্রবার সকালে ডিওএইচএস এ নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, "চেয়ারপারসন আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজের যোগ্যতায় আপোষহীন নেত্রী হয়েছেন। বিএনপিতে পরিবারতন্ত্র বলে কিছু নেই।'' দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ''আমি চেয়ারপারসনের নির্দেশে কথা বলছি। কিন্তু আশরাফ সাহেবতো দলের মুখপাত্র নন, তিনি কোন অধিকারে কথা বলছেন।'' প্রসঙ্গত, চাঁদপুরে ছাত্রদল নেতাদের সঙ্গে খালেদা জিয়ার টেলিকনফারেন্সের বক্তব্যের সমালোচনা করে আশরাফ হোসেন বৃহস্পতিবার বলেছিলেন, চেয়ারপারসনের বক্তব্য প্রমাণ করে যে তিনি পরিবারতন্ত্রের পক্ষে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ''ম্যাডামকে গ্রেপ্তার বা এ রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তাকে বাদ দিয়ে কোনো কাউন্সিল বা নির্বাচন হতে দেওয়া হবে না। তাকে বাইরে রেখে কোনো কিছু দলের নেতা-কর্মীরা মেনে নেবে না।'' সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে হান্নান শাহ বলেন, শত শত কাজে তার সাফল্য রয়েছে। দুএকটা ব্যর্থতা থাকতেই পারে। সেজন্য সংস্কারের নামে তাকে বাদ দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাকে রেখেই দলের সংস্কার করতে হবে। তিনি অভিযোগ করেন, কথিত সংস্কারপন্থিরা নেত্রীকে বাদ দিতেই সংস্কার প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন, 'মাইনাস টু ফর্মুলা' সরকার দেয়নি। আমাদের দলের ২/৩ জন নেতা এটা চান। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। হান্নান শাহ নির্বাচন কমিশনের কার্যক্রমের ধীর গতিরও সমালোচনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০৪ ঘ.