ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) - আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে সোমবার ফিলিপাইনের উদ্দেশে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো রোমুলোর আমন্ত্রণে তিনি ফিলিপাইন যাচ্ছেন।
আগামী ৩১ জুলাই থেকে ম্যানিলায় তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ১০টি আসিয়ানভুক্ত দেশসহ মোট ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, যাওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, "বাংলাদেশ এই প্রথমবারের মতো আসিয়ান রিজিওনাল ফোরামে অংশ নিচ্ছে। আসিয়ান দেশগুলোর মধ্যে সংযোগ সৃষ্টির ক্ষেত্রে এটি হবে একটি মাইলফলক।"
পররাষ্ট্র উপদেষ্টা ম্যানিলায় অবস্থানকালে 'বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষর করবেন। এ ছাড়া চীন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও তার কর্মসূচীতে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে /১৮১১ ঘ.
bdnews24