বগুড়া, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও যশোরে শনিবার দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া-নামুজা সড়কে শনিবার সকালে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জলঢাকার আজিজুল (৪০), কাহালুর আকরাইলের ছামাদ (৬০)।
বগুড়া উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক মোয়াজ্জেমল হোসেন জানান, সকাল সোয়া ১০টায় বগুড়া-নামুজা সড়কের হরিপুর এলাকায় মোলামগাড়ী থেকে বগুড়াগামী যাত্রীবাহী টেম্পুর সঙ্গে বগুড়া থেকে নামুজাগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টেম্পু উল্টে ঘটনাস্থলেই তিনজন মারা যান ও পাঁচজন আহত হন।
গুরুতর আহত নীলফামারীর জলঢাকার শনমারীর মুহুব্বর (৩৫), হাফিজুল (৩৫), বগুড়ার শিবগঞ্জের চালুঞ্জা চকপাড়ার আব্দুর রহমান (৫০), নলডুবির আবুল (৬৫), দামগাড়ার তাজুলকে (৬০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি পরে আটক করে জয়পুরহাটের কালাই থানা পুলিশ। এর চালক পালিয়ে গেছে।
যশোর প্রতিনিধি জানান, যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি মাছ বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দু'জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, মাছ বোঝাই পিকআপ বেনাপোল যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকে মাল তোলার কাজে নিয়োজিত দুই শ্রমিক নিহত হন। হাসপালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকআপটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১০৬ ঘ.
bdnews24