ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলম মামলাটির অভিযোগ গঠন করে আগামী ১ আগষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় মোট ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে আদালতকে বলেন, 'রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।' তারা আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন,'আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।'
গত ১৯ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-১ এ পাঠানোর নির্দেশ দেন এবং একই সঙ্গে ২৩ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন নাসিমের স্ত্রী অসুস্থ থাকায় শুনানির দিন পিছিয়ে দেয় আদালত।
২১ মার্চ এ দম্পতির বিরুদ্ধে এক কোটি ১৬ লাখ টাকার সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬০ লাখেরও বেশি টাকার হিসাব কম দেখানোর অভিযোগে নাসিম দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, হিসাব বিবরণীতে আসবাবপত্রের মূল্য বাবদ ২৩ লাখ ৪৭ হাজার এবং ইলেকট্রনিক সামগ্রী বাবদ ২২ লাখ ২০ হাজার টাকার হিসাব কম উল্লেখ করা হয়েছে। ঢাকার তেজগাঁও থানার পশ্চিম রাজাবাজারে স্ত্রীর নামে থাকা বাসার মূল্য বাবদ ১৩ লাখ এবং সিরাজগঞ্জের বাড়ির মূল্য বাবদ ৮২ লাখ ১৪ হাজার ১৩৯ টাকা কম দেখানো হয়েছে।
এছাড়া আইএফআইসি ব্যাংকের ফেডারেল শাখায় তিন লাখ এক হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় চার লাখ ৬৯ হাজার ৫৮৭, লকারে ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, পাবনা জেলার কাশীনাথপুরে দুই লাখ ৪৮ হাজার ৪২ টাকা মূল্যের তিন দশমিক ৯২ একর জমি, আলামীন সিটি টাওয়ারে দুইটি ফ্ল্যাট, একটি গাড়ি ও একটি গ্যারেজ বুকিং বাবদ নয় লাখ ১৯ হাজার টাকার হিসাবেও গড়মিল রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে ১৮২০ ঘ.
bdnews24