সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারের ধামসোনা ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে বুধবার রাতে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার দাউদ-উল-আলমের নির্মাণাধীন বাড়িতে বুধবার সন্ধ্যায় শরিফুল ইসলাম (২৮) ও পান্না (২০) নামে ২ শ্রমিক কাজ করছিল। রড পিটিয়ে সোজা করার সময় অসতর্কতায় তা ওপরে মেইন লাইনের সঙ্গে লেগে যায়। মুহুর্তের মধ্যে উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ১শ' গজ দূরে ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার রাত ৮টার তাদের দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরসাদিপুর গ্রামের আজিজুল হক সরকার এবং নিহত পান্না একই এলাকার আরব আলীর পুত্র। বৃহস্পতিবার সকালে পোষ্টমর্টেমের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৬১২ ঘ.
bdnews24