২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত বুধবার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হবে কি না আগামী বুধবার তা জানাবে আদালত। রোববার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হবে কি না আগামী বুধবার তা জানাবে আদালত। রোববার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়েছে। ঢাকার ৯ নম্বর মহানগর বিশেষ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর বুধবার অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। রোববার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বাবরকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। বাবরের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। গত ২৮ মে বাবরকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গুলশান থানার উপপরিদর্শক হেলালউদ্দীন গত ৩ জুন অস্ত্র আইনে বাবরের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ২৪ জুন অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গুলশান থানার উপপরিদর্শক খবির আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৬৫৮ ঘ.