ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলু ও পেঁয়াজের দাম এক বছরে লক্ষ্যযোগ্য হারে বেড়েছে। আসছে রোজায় দাম আরও বাড়বে বলেই ধারণা করছেন ব্যবসায়ীরা। গত এক বছরে পেঁয়াজের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের পরিসংখ্যানে দেখা যায়। এ সময়ে আলুর দাম বেড়েছে ১১ শতাংশ।
গত এক সপ্তাহে বাজারে পেঁয়াজ ও আলুর দামে খুব একটা হেরফের না হলেও পাইকারি বাজার আর খুচরা বাজারের দরের পার্থক্যটা বেশি।
খুব বেশি পুষ্টিগুণ না থাকলেও সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে রান্নায় পেঁয়াজ ব্যবহার এক ধরনের অপরিহার্যতা নিয়েই আছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের ১৯ জুলাই থেকে গত এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ২৯ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫১ দশমিক ০৫ শতাংশ, দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে আলুর দাম গত এক বছরে বেড়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ।
শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ ২৪ থেকে ২৬ টাকা আর আমদানি করা (ভারতীয়) পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৬ টাকা দরে। আর আলুও বিক্রি হচ্ছে ১৯ থেকে ২০ টাকা দরে।
পেঁয়াজ, রসুন, আদাসহ মসলার পাইকারি বাজার রাজধানীর শ্যামবাজার ঘুরে দেখা যায়, মান ভেদে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২২ টাকা এবং আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ১৯ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শ্যামবাজারের পাশেই লালকুঠি বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা দরে।
মেসার্স আলমাছ ট্রেডার্সের মালিক মো. খোরশেদ আলম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোজায় পেঁয়াজের দাম আরও বাড়বে। তবে সরকারের নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্যকর হলে এ দাম বাড়বে না বলে মনে হয়। তবে এখন পেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই।"
তিনি বলেন, "বৈশাখ, চৈত্র মাসে দেশি পেঁয়াজ পাওয়া যায়। দেশের উৎপাদিত পেঁয়াজ মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ মেটাতে সক্ষম। তাই আমাদের ভারতের ওপর নির্ভর করতে হয়।"
নিউ মার্কেটের বনলতা মার্কেটের খুচরা পিঁয়াজ ও আলু বিক্রেতা জাহিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে আমদানি করা পণ্যের ট্রাক যদি ঠিক সময়ে না আসে তখন দাম বেড়ে যায়।"
তিনি জানান, "যৌথবাহিনী অভিযান চালানোর পর থেকে ব্যবসায়ীরা প্রতি দোকানে দাম লিখে টাঙিয়ে রাখে। এর ফলে এখন দাম স্থিতিশীল আছে।"
নিউমার্কেটের বনলতা মার্কেটে বাজার করতে আসা সামসুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে চোখে-মুখে অন্ধকার দেখছি। আলু, পেঁয়াজ খাওয়া একেবারে বাদ তো দেওয়া যাবে না। প্রতিদিন একটু কম করে খেতে হবে আরকি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক আবদুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলু বেশি খেলে ডায়াবেটিস এবং হৃদরোগের সম্ভাবনা থাকে। আর পেঁয়াজের মধ্যে তেমন কোনও পুষ্টি উপাদান নেই। এর চেয়ে রসুন খাওয়া ভালো। তবে পিঁয়াজ হজমে কিছুটা উপকার করে।"
একই ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, "পেঁয়াজ খেতে সুস্বাদু এমন একটা মানসিক সন্তুষ্টি আমাদের মধ্যে কাজ করে। তাছাড়া উপমহাদেশের মানুষের মধ্যে পেঁয়াজ খাওয়া এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। পেঁয়াজ খাব না এমন অভ্যাস করলে কোনও সমস্যা নেই। পেঁয়াজ থেকে আমরা যে সামান্য পুষ্টি উপাদান পাই তা অন্য খাবার থেকেও পাই।"
ডা. মোস্তফা মঈন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাঁচা পিয়াজে মুখে দুর্গন্ধ হয়। তাছাড়া এর মধ্যে পুষ্টি উপাদানও কম। খেলে সিদ্ধ পিঁয়াজ খাওয়া উচিত। তবে আমাদের গ্রাম বাংলার মানুষ আবহমান কাল ধরে ভাতের সঙ্গে পিঁয়াজ, কাচাঁমরিচ খেয়ে আসছে। তারা মাছ না পেলেও এক টুকরা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে অবলীলায় ভাত খেতে পারে।"
প্রতি ১০০ গ্রাম পেঁয়াজে ৮৪ দশমিক ৩ গ্রাম থেকে ৮৬ দশমিক ৬ গ্রাম পর্যন্ত পানি থাকে। একটি আলুতে থাকে ৭৪ দশমিক ৭ গ্রাম পানি। পেঁয়াজে ১ দশমিক ২ গ্রাম থেকে ১ দশমিক ৮ গ্রাম পর্যন্ত আমিষ, ১১ দশমিক ১ গ্রাম থেকে ১২ দশমিক ৬ গ্রাম পর্যন্ত শর্করা। এছাড়া সামান্য পরিমাণে ভিটামিন থাকে।
প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা থাকে ২২ দশমিক ০৬ গ্রাম, আমিষ ১ দশমিক ০৬ গ্রাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৫০৯ ঘ.
bdnews24