বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাড়ে ছয় বছর পর শিশু ইরা হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলো।
রোববার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসানের আদালতে ছয় আসামীর পাঁচ জনের উপস্থিতিতে হত্যা মামলাটির অভিযোগ গঠন হয়।
আসামী পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৫ সালের এপ্রিল মাসে ইরা হত্যা মামলার বিচার কাজ স্থগিত রাখার আদেশ দেয়। চলতি বছরের ২৮ এপ্রিল স্থগিতাদেশের সময়সীমা অতিক্রমের পরই মামলার বিচারকাজ আবার শুরু হয়।
২০০০ সালের ১৮ ডিসেম্বর নগরীর কাশিপুর এলাকায় নানার বাসায় বেড়াতে এসে ৫ বছরের শিশু ইরা নিখোঁজ হয়। এর তিনদিন পর ওই বাসার পাশের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ছয় আসামীর নাম উল্লেখ করে ইরার বাবা বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ইকবাল কবির বাদী হয়ে ২৮ হিসেম্বর কোতয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান ২০০৫ সালের মার্চ মাসে এজাহারভুক্ত ছয় আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24