ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনে সরকারের উদ্যোগের কথা সংবাদ মাধ্যমকে জানালেও বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার মুখপাত্রের ভিন্ন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল রয়েছে। বাংলাদেশেও এর আগে এ ধরনের কাউন্সিল ছিল। কিন্তু সক্রিয় ছিল না।"
উপদেষ্টা বলেন, " জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ে নিরাপত্তা কাউন্সিল সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সরাসরি আলোচনা করার পথ সৃষ্টি হবে। কাউন্সিল গঠন করা সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রায় দুই মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে।"
এক প্রশ্নের উত্তরে ব্যারিষ্টার মইনুল বলেন, নির্বাহী আদেশেই এ কাউন্সিল গঠন করা সম্ভব।
এ ব্যাপারে বিস্তারিত জানতে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এর সঙ্গে
যোগাযোগ করার পরামর্শ দেন।
বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েমের সঙ্গে টেলিফোনে যোগযোগ করা হলে তিনি বলেন,"এ মূহুর্তে বিষয়টি আমার জানা নেই।"
একই দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যা সাতটায় সাংবাদিকদের ব্রিফ করার সময় প্রেস সচিবকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় নিরাপত্তা কাউন্সিল পুর্নগঠন করা হবে কিনা?
জবাবে তিনি বলেন, দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল আছে। কাজেই নতুন করে পুর্নগঠনের কিছু নেই।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন, "প্রস্তাবিত খসড়ায় প্রধান উপদেষ্টাকে প্রধান করে নিরাপত্তা কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কাউন্সিলের সদস্য থাকবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/এএইচবি/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24