ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের টানা ৩ দিনের ধর্মঘটে ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে (বারডেম) ভর্তি রোগীদের ভোগান্তি চরমে উঠেছে।
বুধবার টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন বারডেমের চিকিৎসকরা। বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকরা নিয়ম মাফিক বহির্বিভাগে রোগী দেখলেও বিভিন্ন বিভাগে ভর্তি রোগীরা ডাক্তারের দেখা পাননি। নতুন রোগী ভর্তি করাও বন্ধ রাখা হয়েছে।
হাসপাতালের ১২ তলায় ৪৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন গোপালগঞ্জের সৈয়দ আলী (৭৫) জানান, বুধবার কোনও চিকিৎসক ওই ওয়ার্ডে আসেননি।
পেটের ডানপাশে ব্যাথা নিয়ে ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি সত্তরোর্ধ্ব বৃদ্ধ লাল মিয়া এসেছেন বরিশাল থেকে। তিনি জানান, গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি থেকেও চিকিৎসা পাচ্ছেন না তিনি। প্রথম দিন রক্ত পরীক্ষা করতে বলা হয়েছিল তাকে। পরীক্ষার পর প্রতিবেদনও পেয়েছেন। কিন্তু চিকিৎসককে দেখাতে পারেননি।
এ বিষয়ে হাসপাতালের মহা-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক জিয়াউদ্দীন আহমেদের সঙ্গে কথা বলতে গেলে তার কার্যালয়ের কর্মকর্তারা জানান, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।
এদিকে বুধবার বিকেলে বারডেমের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. এআর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- 'অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে হাসপাতালের অন্তর্বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা ২৫ জুন থেকে কর্মবিরতি করছেন। বারডেমের মতো হাসপাতালে কর্মবিরতির মাধ্যমে রোগীদের দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই পরিস্থিতিতে বারডেম পরিচালনা বোর্ড রোগীদের চিকিৎসা ও হাসপাতালের মর্যাদা রক্ষার স্বার্থে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছে। ৩০ জুন বাংলাদেশ ডায়েবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সভায় চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে।'
প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে বারডেম হাসপাতালের চিকিৎসকদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর পরপর নবায়ণ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এবার চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিলে ২৫ জুন সোমবার সকাল থেকে হাসপাতালটির তিনশ স্বাস্থ্য কর্মকর্তা কর্মবিরতি শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ধর্মঘটী চিকিৎসক অভিযোগ করেন, "সেগুনবাগিচায় ইব্রাহিম মেডিক্যাল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের দিয়ে বারডেম হাসপাতাল চালানোর সুপ্ত বাসনা রয়েছে কর্তৃপক্ষের মনে। এ কারণে হঠাৎ করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি আরও বলেন, "ওই শিক্ষানবিশ চিকিৎসকরা কম বেতনে এখানে চাকরি করতে আসবে। তাই বেশি বেতনের চিকিৎসকদের আর চাকরিতে রাখতে চাচ্ছে না কর্তৃপক্ষ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৫৮ ঘ.২২২০ ঘ.
bdnews24