২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় জামিন পেয়েছেন আশিয়ান সিটির তিন কর্মকর্তা

অস্ত্র মামলায় গ্রেপ্তারের ১১ দিনের মাথায় জামিন পেয়েছেন আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামসহ অভিযুক্ত তিন আসামি। ঢাকার এক নম্বর মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন বুধবার এই জামিন দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অস্ত্র মামলায় গ্রেপ্তারের ১১ দিনের মাথায় জামিন পেয়েছেন আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামসহ অভিযুক্ত তিন আসামি। ঢাকার এক নম্বর মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন বুধবার এই জামিন দিয়েছেন। অস্ত্র মামলার এই আসামিদের জামিন দেওয়ায় আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া হয়। তারা বিচারকের কাছে গিয়ে কোন যুক্তিতে জামিন দেওয়া হল তা জানতে চান। হাকিমের জামিনের আদেশে বলা হয়, "অস্ত্র যার দখল থেকে পাওয়া যাবে সেই ব্যক্তিই মামলার আসামি হওয়ার কথা। অথচ যার ঘর থেকে অস্ত্র পাওয়া গেছে সে হয়েছে এ মামলার বাদি। মামলাটিতে যা কিছু অগ্রগতি হয়েছে তা অস্ত্র আইনের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ব্যক্তির সঙ্গে ব্যক্তির প্রতিহিংসা চরিতার্থ করার প্রতিক্রিয়া মাত্র। অস্ত্রের ব্যাপারে এ তিন আসামির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না। প্রতীয়মান হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা পর্যবেক্ষণ করা দরকার। তারা জামিন পাওয়ার হকদার। " প্রসঙ্গত, গত ১৫ জুন দক্ষিণখান থানা এলাকায় জনৈক মজিবর রহমানের বাসার বসার ঘরের সোফার নিচ থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গৃহকর্তা মজিবর রহমানই বাদি হয়ে র‌্যাবের সোর্স মানিককে এক নম্বর ও আশিয়ান সিটির তিন কর্মকর্তাকে পরবর্তী ক্রমিক নম্বরের আসামি করে ওই মামলা দায়ের করেন। আসামিদের জামিন হওয়ায় অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস হাকিমের কাছে গিয়ে কোন যুক্তিতে জামিন দেওয়া হল তজানতে চান। এ সময় অ্যাডভোকেট মোর্শেদুজ্জামানসহ কয়েকজন আইনজীবী তার সঙ্গে ছিলেন। প্রশ্নের জবাবে হাকিম মো. হেলাল উদ্দিন বলেন, "বিষয়টি গোপনই থাক, দোষীদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হোক। এটা নিয়ে আগেই সংবাদ প্রকাশ করার দরকার নেই। পরে লিখেন। " প্রসঙ্গত, অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য লিখে থাকেন। জামিন পাওয়া অন্য দুজন হলেন আশিয়ান সিটির ব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম হান্নান এবং এস এম আব্দুর রহমান। আসামিদের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট এম এন জামান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচএস/এমএইচবি/২১২৫ ঘ.