বগুড়া, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরেন্দ্র ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ আগরওয়ালাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই মিশ্র সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল সার উৎপাদন ও বিক্রির অভিযোগ রয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে বরেন্দ্র ফার্টিলাইজার লিমিটেডের 'সোনালী ধানের শীষ' মার্কাসহ ভেজাল মিশ্র সার উদ্ধার করে পুলিশ।
পরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পীরগঞ্জ থানায় মামলা করা হয়। তার সারের বস্তার গায়ে 'সোনালী ধানের শীষ' মার্কা ও বরেন্দ্র ফার্টিলাইজার লিমিটেড লেখা থাকায় এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর স্বীকারোক্তি অনুযায়ী সুরেশ আগরওয়ালার বিরুদ্ধেও মামলা করা হয়।
এ ব্যাপারে, পীরগঞ্জ থানা থেকে বেতার বার্তা পওয়ার পরই শনিবার রাতে সুরেশ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আহসান হাবিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০১ ঘ.
bdnews24