ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---আদালতে বিচারকের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। রোববার ঢাকার তৃতীয় মহানগর বিশেষ ট্রাইবুনাল আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, কাঠগড়ায় দাঁড়িয়ে অস্ত্র মামলায় অভিযুক্ত এবং দ্রুত বিচার আইনে দণ্ডপ্রাপ্ত সুমন ওরফে সেলিম প্যাকেট ছিঁড়ে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন।
এরপর চিৎকার করে বিচারকের উদ্দেশে তিনি বলেন, "আমাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সেখানে আমি ভীষণ অসুবিধার মধ্যে আছি। এর চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো।"
অস্ত্র মামলায় জেরার জন্য ধার্য দিনে সেলিমকে দুপুর পৌনে ১২ টায় বিচারক একেএম এনামুল হকের এজলাসে হাজির করা হয়। বাদী অনুপস্থিত থাকায় মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মকর্তা বলেন, "বিচারকের কাছে কিছু একটা বলার জন্য বেশ কয়েকবার আবেদন জানান সেলিম। কিন্তু বিচারক তার কথা না শুনেই এজলাস ত্যাগ করার জন্য উঠে পড়লে সেলিম বলেন, আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো না হলে বিষ খেয়ে মারা যাবো।"
এসময় বিচারক বলেন যে, "তুমি বিষ খেও না। তোমার আবেদন আমি শুনব।"
এরপর বিচারক হাঁটতে শুরু করলেই প্যাকেট ছিঁড়ে ইঁদুর মারার বিষ মুখে পুড়ে ফেলেন সেলিম। তবে উপস্থিত পুলিশের বাধার কারণে প্যাকেটের পুরো বিষ খেতে পারেননি তিনি।
এরপর সেলিমকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে পুলিশ। সেলিমও বিচারকের উদ্দেশে চিৎকার করতে থাকেন। এসময় পুরো আদালত জুড়ে এক অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়। সেলিমের মা আদালতের মধ্যে হাউমাউ করে কাঁদতে শুরু করেন।
সেলিম বিচারকের উদ্দেশে বলেন, "কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আমাকে কাশিমপুর কারাগারে পাঠানোর অবৈধ আদেশ দিয়েছে। কারণ আমানুল্লাহ আমান কারাগারের ভেতর থেকে প্রতিদিন মোবাইল ফোনে বাইরে কথা বলে। একথা আমি অন্যান্যদের জানিয়ে দিয়েছি। এ কারণে কারা কর্তৃপক্ষ আমার ওপর ক্ষুব্ধ হয়ে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিয়েছে।"
এরপর পুলিশ তাকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে কাঠগড়ার বাইরে নিয়ে যায়।
জজ কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মোস্তফা নুর রহিম সন্ধ্যা ৬ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বিষ বের করা হয়েছে।"
আত্মহত্যার চেষ্টাকারী সেলিম সন্ধ্যায় আদালত প্রাঙ্গনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন সুস্থ আছি।"
তিনি বলেন, "কাশিমপুর কারাগারে ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি হয়। সেখানে আমার ওপর অকথ্য অত্যাচার চালানো হয়। আবেদন করার পরও আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় না। কারণ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আমার ওপর ক্ষুব্ধ।"
কাশিমপুরে কারা তার ওপর অত্যাচার চালায় এ বিষয়ে অবশ্য কিছু বলতে চাননি তিনি।
এ ব্যাপারে উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমানুল্লাহ আমানের মোবাইল ফোনে কথা বলার ঘটনা ওই আসামি কীভাবে জানল এবং অন্যান্যদের সে কীভাবে জানালো তা তদন্ত করে দেখবো আমরা। এ ছাড়া তাকে কাশিমপুরে কেন পাঠানো হয়েছে তাও তদন্ত করে দেখবো আমরা।"
তিনি বলেন, "যদি আমানুল্লাহ আমানের মোবাইল ফোনে বাইরে কথা বলার ঘটনা সত্য হয় এবং এ কারণেই যদি ওই আসামিকে কাশিমপুর পাঠানো হয়ে থাকে তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা।"
উপকারা মহাপরিদর্শক আরও বলেন, "ওই আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়ে গিয়েছিল পুলিশ। কারা পুলিশ তাকে আদালতে আনেনি। আমরা খোঁজখবর নিচ্ছি। যদি কারা পুলিশের কোনও অবহেলার কারণে এই ঘটনা ঘটে থাকে তাহলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। "
নিরাপত্তার ফাঁক গলিয়ে কীভাবে পুলিশি হেফাজতে থাকা আসামির কাছে বিষ পৌঁছালো এ ব্যাপারে কিছু জানেন না জজ কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মোস্তফা নুর রহিম।
তিনি জানান, ওইসময় তিনি আদালতে ছিলেন না। তাই এই ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। তিনি জানান, ওইসময় আসামিদের তত্ত্বাবধানে ছিলেন কনস্টেবল মো. মজিবর এবং মো. কাদের।
তবে এই দুই কনস্টেবলকে ঘটনার পর খোঁজাখুজি করেও আদালত প্রাঙ্গনে পাওয়া যায়নি।
বিচারকের স্টেনোগ্রাফার মো. তরিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আদালতে বিষ খাওয়ার ঘটনা একটা অভিনয়। এর আগেও মামলার দিনে আদালতে সে হৈ চৈ করেছে।"
মামলার রেকর্ড থেকে জানা যায় সেলিমের বয়স ২৫ বছর। তার বাড়ি রাজধানীর শ্যামপুরের পাঁচবাড়িতে। তিনি দ্রুত বিচার আইনের দণ্ডপ্রাপ্ত এবং অস্ত্র মামলায় অভিযুক্ত আসামি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসডি/২০১২ ঘ.
bdnews24