ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সংস্থাপন সচিব মো. আব্দুস সালাম খান বলেছেন, বিচার বিভাগ পৃথককরণে জেলা প্রশাসকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সেবা দেওয়ার জন্য আরও অনেক কাজ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন।
সংস্থাপন সচিব বলেন, "বিষয়টি আমি জেলা প্রশাসকদের বুঝিয়েছি। আশা করছি তারা (জেলা প্রশাসক) বিষয়টি বুঝতে পেরেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে।
এ ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে যাবতীয় কাজ চালিয়ে নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বলেও জানান।
সংস্থাপন সচিব আব্দুস সালাম খান জানান, প্রশাসনিক কাজকর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে তাদের বলা হয়েছে। এ ছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণের ব্যাপারে বর্তমান সরকার অধিক গুরুত্ব দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/০০১৮ ঘ.
bdnews24