২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের দুর্নীতি মামলার অভিযোগ গঠন হয়নি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে। এ জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে। এ জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই দিন ধার্য করেন। একইসঙ্গে এএইচএস রহমানের জামিন আবেদনও বাতিল করে দেন তিনি। নাসিমকে আদালতে হাজির করা হয় সকাল সাড়ে নটায়। এএইচএস রহমান চিকিৎসার জন্য কানাডায় থাকায় অভিযোগ গঠন ১৫ দিন পিছিয়ে দেওয়ার জন্য বুধবার আদালতে আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার এই আবেদনের শুনানি শেষে ১০ জুন নতুন তারিখ ধার্য করেন বিচারক। এর আগে গত রোববার ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযোগ গঠনের জন্য ধার্য দিনে বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ আদালত--৩ পাঠিয়ে দেন। একইসঙ্গে বুধবার বিশেষ আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে দেন তিনি। মামলার অভিযোগে বলা হয়েছে, তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকাকালে নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই কাজ দেন। এই ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরো এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরবি/এসএনডি/১৩৪৩ ঘ.