চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতকানিয়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার গভীর রাতে খাগরিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য আহমেদুর রহমান বাদশাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, ডাকাতি রোধে কমিউনিটি পুলিশদের নিয়ে শনিবার রাতে খাগড়িয়া গ্রামে টহল দেওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত বাদশাকে অপহরণ করে। খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে যৌথবাহিনীর সদস্যদের নিয়ে গ্রামে অভিযান চালিয়ে বাদশাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারীদের কাউকে ধরা যায়নি।
ইউপি সদস্যকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার তিনি আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বাদশাহ অভিযোগ করেন, জুয়া খেলতে বাধা দেওয়ায় জাফর নামে এক যুবক সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে। তারা তাকে স্থানীয় কবির আহমদের বাড়িতে তুলে নিয়ে ব্যাপক মারধর করে বলে বাদশা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/আরএআর/আরএ/এমআই/২২০৯ ঘ.
bdnews24