ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ময়মনসিংহ, নেত্রকোনা, খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় রোববার বজ্রপাতের ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও আটজন।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
ময়মনসিংহ: সদর উপজেলার চর জেলখানা গ্রামে রোববার সকালে বজ্রপাতে চার কিশোরসহ নয়জন নিহত হয়েছে। এ ছাড়া দাপুনিয়া ও শম্ভুগঞ্জ গ্রামে আহত হয়েছেন পাঁচজন নারী।
সকালে বৃষ্টির মধ্যে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে চর জেলখানা গ্রামে ঘাস কাটতে গিয়ে রফিক (১৬), মনির (১৩), রাব্বী (১৪) ও রফিক (১৫) নামের চারজন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
একই সময়ে দাপুনিয়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের নারগিস (২৫), রোকসানা (১৫) ও মাহমুদা (১৩) এবং শম্ভুগঞ্জ গ্রামের হালিমা খাতুন (৪০) ও রাবিয়া খাতুন (৪৫) গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে চার কিশোরের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।
এ ছাড়া বজ্রপাতে মারা যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রনি রিত্তি, ফুলপুর উপজেলার রহিমা খাতুন ও তার নাতি নীলুফার ইয়াসমিন এবং তাসলিমা খাতুন এবং নান্দাইল উপজেলার মাদু মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান শেষের এই পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার রাত্রা গ্রামের সাদেক মিয়া (২০), রতন মিয়া (২২) ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
অন্যদিকে মদন উপজেলার শাহপুর গ্রামে আশরাফুল ইসলাম (৩০) রোববার সকালে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
খুলনা: ধান ক্ষেতে কাজ করার সময় তেরঘাটা উপজেলার তেরঘাটা গ্রামে রোববার বজ্রপাতে দুজন মারা গেছে এবং আহত হয়েছে দুইজন।
নিহতরা হলেন, রুহুল আমিন বিশ্বাসের ছেলে জারজিন বিশ্বাস (৩৫) এবং আজীম কাজীর ছেলে আশরাফ আলী (৪০)। আহতরা হলেন আলিম ও হেকমত। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জমির মালিক আসাদুজ্জামান বলেন, সকালে তার ধানক্ষেতে ৭/৮ জন কাজ করছিল। বেলা ১১টার দিকে বজ্রপাতে জারজিন বিশ্বাস এবং রুহুল আমিন মারা যায়। এতে দুজন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে বিলের জমিতে কাজ করার সময় রোববার দুপুরে বজ্রপাতে কান্দাপাড়া গ্রামের শহীদুল্লাহ (২৫) নামের একজন মারা গেছেন। আহত হয় ব্যাঙ্গাহাটি গ্রামের নোয়াব মিয়ার স্ত্রী রেহেনা আক্তার (৩৫)। তাকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গ্রামের কৃষক মো. রইস উদ্দিন জানান, বিলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর দগ্ধ হন শহীদুল্লাহ এবং রেহেনা আক্তার। এর কিছুক্ষণের মধ্যেই শহীদুল্লাহ মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এসডি/১৯০৩ ঘ.
bdnews24