ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক সাংসদ ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলার অভিযোগ গঠনের তারিক দুদিন পিছিয়েছে।
নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ৫ জুন।
অভিযোগ গঠনের পূর্বনির্ধারিত দিন রোববার বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন নতুন এই তারিখ ধার্য করেন।
আসামী পক্ষের আইনজীবীরা এই মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়ায় অভিযোগ গঠনের দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রিজন ভ্যানে করে আলী আসগর লবীকে বিশেষ জজ আদালত--৩ এ হাজির করা হয়।
গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএনডি/১৩২৮ ঘ.
bdnews24