২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে গণপিটুনীতে পাঁচ ডাকাত নিহত

সোনারগাঁও উপজেলার আমবাগ এলাকায় রোববার সন্ধ্যায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, আড়াইহাজার উপজেলার দুপতারার জামাল প্রিন্ট শাড়ির মালিক হাজী জয়নাল আবেদীন এবং ফারজানা ডাইং কারখানার মালিক আবুল বাশার নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। সন্ধ্যায় তাদের প্রাইভেট কারটি দুপতাড়া এলাকায় সালাউদ্দিন মিলের সামনে পৌঁছলে একটি সাদা রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাসআরোহী ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে ১৬ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ওসি শফিকুল বলেন, আক্রান্ত দুই ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে ঘটনাটি মোবাইল ফোনে পুলিশকে জানান। তখন পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মাইক্রোবাসটি সোনারগাঁও উপজেলার আমবাগ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

শফিকুল ইসলাম জানান, ওই সময় গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা তাদের ভয় দেখানোর জন্য গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। কিন্তু গ্রামবাসী ধাওয়া করে পাঁচ ডাকাতকে ধরে ব্যাপক পিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচ ডাকাত।

পুলিশ ঘটনাস্থল থেকে লুণ্ঠিত আট লাখ ২৫ হাজার টাকা ও গুলি ভর্তি একটি রিভলবার উদ্ধার করছে। তবে ডাকাতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়।