২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চাঁদাবাজির মামলায় পুলিশ কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

কুমিল্লা থানার পুর্ৃিলশ কর্মকর্তাসহ তিনজনকে চাঁদাবাজির মামলায় চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কুমিল্লা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতের প্রথম শ্রেণীর হাকিম আতাউল গণি রোববার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন খান, জাহাঙ্গীর আলম এবং হুমায়ুন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ মার্চ কুমিল্লা-বরুড়া সড়কে সাবেক সেনা সদস্য আবদুল হাই একটি ট্রাক্টরে করে কাঠ নেওয়ার সময় বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের জনৈক জাহাঙ্গীর আলম চাঁদা দাবি করেন। এ ব্যাপারে আবদুল হাই বাদী হয়ে বরুড়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চাঁদা আদায়ের সঙ্গে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন খান জড়িত। তিনি মূল চাঁদাবাজ বরুড়ার নিমসার গ্রামের হুমায়ুনের মাধ্যমে চাঁদার ভাগ পেতেন। তার এই স্বীকারোক্তির পর ওসি রকিবকে প্রত্যাহার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী জাহাঙ্গীর ও হুমায়ুনের বিরুদ্ধে ২৮ মার্চ অভিযোগ পত্র দেন। কিন্তু আদালতের কাছে তা যুক্তিযুক্ত মনে না হওয়ায় মামলাটির তদন্তভার সিআইডিতে ন্যস্ত করা হয়।

কুমিল্লা অঞ্চলের সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হাই মামলাটি তদন্ত শেষে ১৭ এপ্রিল রকিব, হুমায়ুন ও জাহাঙ্গীরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। আদালত ১৯ এপ্রিল রকিব উদ্দিন খান ও হুমায়ুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২৪ এপ্রিল রকিব জামিন চাইতে এলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। অপর আসামী হুমায়ুন পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আদালত সিআইডির সহকারি পুলিশ সুপার আবদুল হাইসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণের পর তিন আসামীর বিরুদ্ধে কারাদণ্ড প্রদান করেন।