বর্জ্য দূষণ থেকে মুক্তি চায় ব্রাহ্মণবাড়িয়ার ১০ গ্রামের মানুষ
বিসিক শিল্প নগরীর বিষাক্ত বর্জ্য দূষণ থেকে রক্ষা পেতে রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ১০ টি গ্রামের বাসিন্দারা।
সকালে জেলা প্রশাসক মো. আবদুল হাই এর কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়নের ছয়জন বর্তমান এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
স্মারকলিপিতে বলা হয়, শিল্প নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনও ট্রিটম্যান্ট প্লান্ট না থাকায় আশপাশের গ্রামের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। উর্বরতা শক্তি হারাচ্ছে মাটি। পানি দূষিত হয়ে পড়ায় পুকুরগুলোতে মাছের মড়ক লেগেছে, মানুষ বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, বিসিক শিল্পনগরীর বিষাক্ত বর্জ্যরে কারণে সুহিলপুর, বুধল ও তালশহর ইউনিয়নের ১০ গ্রামে বিস্তীর্ণ এলাকায় কয়েক বছর ধরে ফসল হচ্ছে না।
বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবায়দুল ইসলাম জানান, নির্দিষ্ট কোনও খাল না থাকায় শিল্প নগরীর বর্জ্য চারপাশেই ছড়িয়ে পড়ছে। ওই বর্জ্য মিশে পানি দূষিত হয়ে পড়েছে। দূষিত পানিতে কাজ করে চাষীরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিষাক্ত বর্জ্য ও ধোঁয়ার কারণে এ বছর আম, জাম, কাঁঠালসহ মৌসুমী ফলের ফলন হয়নি।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক মুন্সি জানান, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য শিল্প মালিকদের অসংখ্যবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা তাতে কান দিচ্ছেন না। বিক্ষুব্ধ গ্রামবাসী বেশ কয়েকবার সহিংস হয়ে ওঠার প্রস্তুতি নিলেও তাদের শান্ত রাখা হয়েছে। কিন্তু খুব শিগগিরই কোনও ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তালশহর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দ্নি সরকারও অনতিবিলম্বে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান।
সদর উপজেলার নন্দনপুরের বিসিক শিল্প নগরীতে এখন ছোট--বড় মিলিয়ে ১৩৭টি কারখানা রয়েছে।
যোগাযোগ করা হলে বিসিক শিল্প নগরী কর্মকর্তা আবুল কাশেম মুক্তাদির বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ট্রিটম্যান্ট প্ল¬ান্ট না থাকায় এমনটি হচ্ছে। তবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য শিগগিরই শিল্প মালিকদের সঙ্গে আলোচনা করে ট্রিটম্যান্ট প্ল¬ান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
