বিডিআর একা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না: মহাপরিচালক
ব্যবসায়ী সম্প্রদায়গুলো এগিয়ে না এলে বিডিআরের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা মোটেও সম্ভব নয়।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ রোববার ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: নিয়ন্ত্রণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এ মতামত জানিয়ে বলেন বলেন, কার্যকরি বিপণন ব্যবস্থা চালু করা হলে বর্তমান অবস্থা থেকে কিছুটা হলেও উত্তরণ সম্ভব হবে। তাঁর মতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অন্যতম উপায় হচ্ছে ভোক্তা সংরক্ষণ আইন প্রণয়ন করা।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সহযোগিতায় সাংবাদিকদের সংগঠন মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
বিডিআর মহাপরিচালক বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিডিআর ডাল-ভাত কর্মসূচি চালু করলেও বাজার পরিচালনার জন্য দক্ষ জনবল বা যথেষ্ট উপকরণ বিডিআরের নেই। ডাল-ভাত কর্মসূচিকে সফল করতে হলে এর ভিতরের গলদগুলো দূর করতে হবে। সরবরাহের যে ঘাটতি রয়েছে তা দূর করে হতদরিদ্র মানুষের ডাল-ভাত নিশ্চিত করতে হবে।
সাবেক অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, সরকারের অমনোযোগই খাদ্যদ্রব্যের দাম বাড়ার অন্যতম কারণ। এর প্রভাবে নির্র্দিষ্ট আয়ের লোকজন পড়বে সবচেয়ে বিপদে।
বিডিআরের ডাল-ভাত কর্মসূচির প্রশংসা করে সাবেক উপদেষ্টা বলেন, কর্মসূচিটি ভালো হলেও অর্থনৈতিকভাবে দেশ উপকৃত হচ্ছে না। বাজারে এর প্রভাব না পড়ায় আপামর ভোক্তা সাধারণ উপকার পাচ্ছে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষক ড. মুস্তাফিজুর রহমান। প্রবন্ধে তিনি বাজার জরিপের জন্য একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বিডিআরের ডাল-ভাত কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল মজিবুল হক বলেন, ডাল-ভাত কর্মসূচি চালাতে গিয়ে অভিজ্ঞতায় দেখা গেছে, বাজারের অব্যবস্থাপনা ও উদাসীনতাই দ্রব্যমূল্য বাড়ার অন্যতম কারণ। সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেও কোনো সহায়তা পাওয়া যায়নি তাদের কাছ থেকে।
সংবাদ সংস্থা এপি’র ব্যুরো প্রধান ফরিদ হোসেনের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. আমিনুজ্জামান, ব্যবসায়ী আনিসুল হক, রউফ চৌধুরী, আইসিসিআই এর সভাপতি মাহবুবুর রহমান, ক্যাব এর সভাপতি বোরহান আহমেদ, পিআইবির পরিচালক (প্রশিক্ষণ) মাসুদুর রহমান, প্রথম আলোর অর্থ ও বাণিজ্য সম্পাদক শওকত হোসেন মাসুম।
