ব্যাংক থেকে টাকা তোলার সময় পুলিশ নিরাপত্তা দেবে
ঢাকা মহানগর এলাকায় বসবাসকারী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে ব্যাংক থেকে টাকা তোলা বা স্থানান্তরের সময় পুলিশি সহায়তা নিতে পারবে।
এ ছাড়া ব্যাংকগুলোর এক শাখা থেকে আরেক শাখায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও পুলিশি সহায়তা নিতে পারবে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্থানীয় থানা অথবা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (ফোন--৯৯৯) যোগাযোগ করতে হবে। তবে এ ক্ষেত্রে সহায়তা গ্রহণকারী বাক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহন সরবরাহ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সাতমসজিদ সড়কের একটি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর ছিনতাইকারীর গুলিতে সেনা কর্মকর্তার ছেলে নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
