৬ লাখ টন চাল আমদানি করবে সরকার
সরকার ছয় লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ প্রাথমিক পর্যায়ে জরুরি ভিত্তিতে সরকার এক লাখ মেট্রিক টন চালসহ ছয় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে ।”
মঙ্গলবার বিকেলে জ্বালানি মন্ত্রণালয়ে পাইকারি চাল ব্যবসায়ীদের সঙ্গে উপদেষ্টা তপন চৌধুরী ও উপদেষ্টা আনোয়ারুল ইকবালের মধ্যে অনুষ্টিত বৈঠক শেষে দুই উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আমদানি ছাড়াও রাজধানীতে সরবরাহ স্বাভাবিক রাখতে চাল ভর্তি ট্রাক সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
তপন চৌধুরী বলেন, “ আগামী রমজান মাসকে সামনে রেখে সরকার দুই মাসব্যাপী ওএমএস কার্যক্রম পরিচালনা করবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকারের কাছে ৩ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানান, এখন থেকে চাল ভর্তি ট্রাক সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত সময়ে ঢাকায় প্রবেশ করতে পারবে। এছাড়া এখন থেকে চাল ভর্তি ভ্যানগাড়ি ও রিকসা ভিআইপি রোডে চলাচল করতে পারবে।
সরকার ১ মে থেকে অভ্যন্তরীণ বাজার থেকে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান শুরু করেছে।
