চট্টগ্রামে দুটি অগ্নিকাণ্ডে সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি
নগরীর রাহাত্তারপুল এবং কর্নেল হাটে পৃথক অগ্নিকাণ্ডে রোববার ভোরে ৩৬টি বসত ঘর ও সাতটি দোকান পুড়ে গেছে। সারারাত বৃষ্টির পর ভোরের দিকে অগ্নিকাণ্ডের এক ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা বিশু দাস জানিয়েছেন।
তিনি জানান, রাহাত্তারপুল এলাকার ইসলাম কলোনিতে একটি বসত ঘরে রোববার ভোর সাড়ে ৫ টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে তিনটি চায়ের দোকান, একটি মুদি দোকান ও লন্ড্রি পুড়ে গেছে। এসময় ২১টি কাঁচা ও ১৫টি আধা পাকা বসত ঘর পুড়ে যায়।
দমকল কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই দিন সকাল সাড়ে ৭টায় কর্নেল হাটের জনৈক কমল মজুমদারের একটি মুদি দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একই মালিকের পাশের একটি হার্ডওয়্যার দোকানটিও ভস্মীভূত হয়। এতে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল বাহিনী কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
