খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন
ফুলতলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ পরিদর্শক (ফিল্ড সুপারভাইজার) হাফেজ মো. হাসমত আলীকে বুধবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার উপ--পরিদর্শক দাউদ আলী জানান, বুধবার রাতে মসজিদ থেকে নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে তাকে খুন করা হয়। ঘটনাস্থলের প্রায় দু’শ গজ দূর থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ মে হাসমত আলী নান্নু ভুঁইয়া নামের একজনের কাছ থেকে একটি জমি কিনেন। জমি সংক্রান্ত কারণে তাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
