ট্যাংক টার্মিনাল থেকে তেল পাচার করে ২২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
চট্টগ্রামের গুপ্তাখাল এলাকার ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ট্যাংক টার্মিনাল থেকে জালিয়াতির মাধ্যমে ২০ হাজার মেট্রিক টন ভোজ্য তেল পাচার করার অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস কর্র্র্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ইকবাল।
কাস্টমস সূত্র জানায়, ভোজ্য তেল পাচারের ঘটনায় সংশ্লিষ্ট শিপিং এজেন্ট, টার্মিনাল ও কাস্টমস কর্মকর্তারা জড়িত থাকতে পারেন।
গত ৯ মে কাস্টমস কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের একটি দল ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ট্যাংক টার্মিনাল পরিদর্শনে গিয়ে কাগজপত্রের সঙ্গে বাস্তবের গরমিল দেখতে পায়। ওইদিন কাগজপত্রে টার্মিনালে মজুদ ভোজ্য তেলের পরিমাণ দেখানো হয়েছিল ৩৭ হাজার ৮০১ মেট্রিক টন। কিন্তু বাস্তবে মজুদ ছিল ৩৬ হাজার ৪১০ মেট্রিক টন।
এরপর চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মতিউর রহমান গত বুধবার এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে ইলিয়াস ব্রাদার্স লিমিটেডের ট্যাংক টার্মিনালে রক্ষিত প্রায় ২০ হাজার মেট্রিক টন ভোজ্য তেলের গরমিলের রহস্য উদঘাটন করেন।
কাস্টম সূত্র জানায় গত ১৯ এপ্রিল এমটি ইয়ানি জাহাজের মাধ্যমে মেসার্স এয়াকুব অয়েল মিলস এর আমদানি করা দুহাজার ৬৫০ মেট্রিক টন, পয়লা মে এম টি স্টারলিংক জাহাজের মাধ্যমে মেরিন অয়েল মিলস এর তিন হাজার মেট্রিক টন এবং মেসার্স ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের নামে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন, ৪ মে এম টি এমা-- ৩ জাহাজের মাধ্যমে ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের নামে দুহাজার ৮৯৯ মেট্রিক টন এবং ৮ মে এম টি তাবতিম জাহাজের মাধ্যমে একই প্রতিষ্ঠানের নামে আরও ৪ হাজার ৪০৫ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল এই ট্যাংক টার্মিনালে মজুদ করা হয়। কিন্তু টার্মিনালে কাস্টমস কর্তৃপক্ষের খাতায় এই মজুদের পরিমাণ উল্লেখ করা হয়নি।
কাস্টম সূত্র জানায়, এই পরিমাণ ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি টন ৮১০ মার্কিন ডলার হিসেবে বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫ কোটি টাকা। এ ক্ষেত্রে সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ কমপক্ষে ২২ কোটি টাকা।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের প্রাথমিক কাজ হবে ফাঁকি দেওয়া রাজস্ব আদায় ও জরিমানা করা। অভিযুক্ত ট্যাংক টার্মিনাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী সোমবার নাগাদ এ ব্যাপারে কাস্টম কমিশনারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এরপর কর্তৃপক্ষ এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন।
তবে অভিযুক্ত ট্যাংক টার্মিনালের ম্যানেজার নজরুল ইসলাম রাজস্ব ফাঁকি দিয়ে তেল পাচারের অভিযোগকে অসত্য ও মহল বিশেষের অপপ্রচার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা কোনো রাজস্ব ফাঁকি দিইনি। কাস্টমস এর রাজস্ব পরিশোধ করা হয়েছে।
