সার্বিক পরিস্থিতি নিয়ে হাসিনার সঙ্গে বিউটেনিসের বৈঠক
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’--এ মিলিত হয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস।
বুধবার দুপুর দুইটায় শেখ হাসিনার বাসভবন সুধা সদনে প্রবেশ করেন বিউটেনিস।
সাক্ষাৎ শেষে বিউটেনিস সাংবাদিকদের জানান, ঘরোয়া রাজনীতি তুলে নেওয়াসহ বিভিন্ন বিষয়ই তাদের আলোচনায় স্থান পায়।
সংস্কার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেরা বসে এর পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে অর্থপূর্ণ অবদান রাখতে পারে।”
তিনি বলেন, “শেখ হাসিনার সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। তিনি আমাকে দেশের অবস্থা সম্পর্কে জানিয়েছেন।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এ ‘সৌজন্য সাক্ষাৎ’--এ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর জন্যই নির্বাচন কমিশন কাজ করে। জলিলের ভাষায় তারাই কমিশনের ‘প্রধান ক্লায়েন্ট’। তাই রাজনৈতিক দলগুরোর সঙ্গে কথা না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় নয়। আলোচনার পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন।”
আবদুল জলিল জানান, আওয়ামী লীগ দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনা করে নির্বাচন কমিশনকে সহায়তা করতে চায়।
