এসিডদগ্ধ সাতজনের চাকরির ব্যবস্থা করবে ব্রিটিশ হাই কমিশন
এসিডদগ্ধ সাতজনের চাকরির ব্যবস্থা করবে ব্রিটিশ হাই কমিশন।
শনিবার এসিড সারভাইভারস ফাইন্ডেশন এর “এএসএফ মিডিয়া এওয়ার্ড ২০০৬” প্রদান অনুষ্ঠানে ব্রিটেনের হাই কমিশনার আনোয়ার চৌধুরি এ ঘোষণা দেন।
এএসএফ মিডিয়া এওয়ার্ড-২০০৬ পুরস্কার প্রাপ্তরা হলেন, সেরা প্রতিবেদন শাখায় নাজনীন আখতার (জনকণ্ঠ), সেরা ফিচার শাখায় ফেরদৌস ফয়সাল (প্রথম আলো), টিভি মাধ্যমে প্রচারিত সেরা প্রতিবেদনের জন্য কিশওয়ার লায়লা (বাংলাভিশন) এবং আলোকচিত্রে সৈয়দ জাকির হোসেন (ডেইলি স্টার)। এডিস সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি ও এসিডদগ্ধ নারীদের সহায়তার জন্য প্রথম আলোকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কারণে এসিড সহিংসতা কিছুটা নিয়ন্ত্রনে এসেছে। তবে তা সম্পূর্ণভাবে নির্মূলের জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও এএসফ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এ এম শওকত হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন এএসএফ এর নির্বাহী পরিচালক মনিরা রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিতা হক, খায়রুল আনাম শাকিল, কনকচাঁপা, হাসান আরিফ, শিমুল মোস্তফা। বিয়ষ ভিত্তিক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ ও তার দল।
