২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন অপহরণকারী গ্রেপ্তার, কিশোর উদ্ধার

নগরীতে এক মাঝির বুদ্ধিমত্তায় ও সাহসিকতায় ডবলমুরিং থানা পুলিশ রোববার তিনজন অপহরণকারীকে আটক এবং তাদের হেফাজত থেকে অপহৃত এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলো-নোয়াখালী জেলার চাটখিলের সাগর ইসলাম সুজন (২৫) ও মো. আবদুল হান্নান (২৩) এবং লক্ষীপুর জেলার রামগঞ্জের মো. রাসেল (২৪)।

পুলিশ জানায়, কয়েকজন অপহরণকারী মনোয়ার হোসেন বাবু (১৫) নামে এক কিশোরকে শনিবার রাতে নগরীর বহুতলা কলোনি থেকে অপহরণ করে। অপহরণকারীরা তাকে নিয়ে মাঝির ঘাট এলাকা থেকে একটি নৌকা ভাড়া করে। সারারাত তারা কিশোরটিকে নৌকায় আটকে রেখে কর্ণফুলী নদীতে ঘুরে বেড়ায়। সেখান থেকে তারা মোবাইল ফোনে কিশোরের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

রাতে বিভিন্ন সময় মোবাইলে যোগাযোগ করে অপহরণকারীরা পরিবারের সদস্যদের একেক সময় নগরীর একেক জায়গায় যাওয়ার জন্য বলে। এ ঘটনায় নৌকার মাঝি আনোয়ার হোসেনের সন্দেহ হলে তিনি কৌশলে ভোরের দিকে মাঝির ঘাটে নৌকা ভেড়ান এবং নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে ঘটনাটি জানান।

পরে তারা ডবলমুরিং থানা পুলিশকে খবর দিলে পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও কিশোরটিকে উদ্ধার করে।

ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জাহানারা বেগম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।