খালেদার সঙ্গে দেড় ঘন্টা কথা বললেন সৌদি কূটনীতিক
সৌদি কূটনীতিক মাশহুর রাজ্জাইক এম আল হুলাইফি বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। রাত সাড়ে ৮টায় তিনি সেনানিবাসের শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনে যান।
প্রায় দেড় ঘন্টা পর সাড়ে ৯ টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবন ছেড়ে যান।
সাক্ষাতের সময় কোনো দলীয় নেতা উপস্থিত ছিলেন না। বৈঠক চলাকালে নিরাপত্তা বাহিনীর কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে খালেদার পারিবারিক সূত্র জানিয়েছে। খালেদা জিয়ার ভাই মেজর (অব:) সাঈদ ইস্কান্দার বাড়িতে প্রবেশ করতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি।
সূত্র বলছে, এটি ছিল একটি একান্ত বৈঠক ।
জরুরি অবস্থা জারির পর এ নিয়ে দুজন বিদেশী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেন। এর আগে কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন মইনুল সড়কের এ বাড়িতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
