ফরিদপুরে পাসপোর্ট কর্মকর্তাসহ ৯ জন গ্রেপ্তার
ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোমবার রাতে গ্রেপ্তারকৃত সহকারী পরিচালকসহ মোট নয়জনকে কোতয়ালী থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
এদিকে এ ঘটনায় ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ অফিসের ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক এ ঘটনাকে সাময়িক ব্যবস্থা বলে বর্ণনা করেছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরিসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহ, উচ্চমান সহকারী মো. জসিম উদ্দিন, অফিস সহকারী শাহীদুল ইসলাম ও করণিক মো. মতিউর রহমান এবং দালাল চক্রের পাঁচ সদস্য আবুল হোসেন, উজ্জ্বল, সোহেল ওরফে সোহাগ, গোপাল এবং বিপ্লব কুণ্ডু।
নাম প্রকাশ না করার শর্তে যৌথ বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত ৮ টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতরা থানা হাজতে আছে। বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
এদিকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত প্রধান পাসপোর্ট কার্যালয় থেকে টেলিফোনে নির্দেশ পেয়ে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে স্বাক্ষরহীন একটি নোটিশ অফিসের প্রধান ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ওই অফিসের নিরাপত্তা কর্মী আনসার সদস্য তোরাপ শেখ বলেন, “স্যারদের নির্দেশে অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।” অফিসের নৈশ প্রহরী শাহাদাতও একই মন্তব্য করেন।
জেলা প্রশাসক মো. ইয়াহ্-ইয়া ভুঁইয়া জানান, এটি সাময়িক একটা ব্যবস্থা। অফিস বন্ধ হবে না।
